চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার রাতে তিনি জাপান থেকে ঢাকায় পৌঁছান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত বুধবার তিনি সরকারি এই সফরে জাপান গিয়েছিলেন।
জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান অংশ নেন। সফরের সময় তিনি বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ঘুরে দেখেন এবং বাংলাদেশের ক্রীড়াবিদদের সরাসরি মাঠে উপস্থিত থেকে উৎসাহিত করেন। গেমসের আনুষ্ঠানিকতার বাইরে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।
সফরের অংশ হিসেবে বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধানদের সঙ্গেও সেনাপ্রধান আলোচনা সভায় অংশ নিয়েছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উচ্চ পর্যায়ের মতবিনিময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়ন এবং বৈশ্বিক ক্রীড়া পরিমণ্ডলে দেশের অংশগ্রহণকে আরও শক্তিশালী ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

