ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চারজন অজ্ঞাত ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুর ২টার দিকে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির টহল দল এই অনুপ্রবেশের প্রচেষ্টা রুখে দেয়।

বিজিবি জানায়, চাপাতলা মাজার এলাকার ৬১/১২-আর সীমান্ত গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্র ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিল। অনুপ্রবেশকারীদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই চার ব্যক্তি সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি কলাবাগানে অবস্থান করছেন।

ঘটনাটি ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।