ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এখনো কাটেনি। এই সফর কবে নাগাদ হতে পারে, তা নিয়ে নানা জল্পনা থাকলেও ভারতের পক্ষ থেকে নতুন কোনো বার্তা পাওয়া যায়নি। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এ বিষয়ে তাদের কাছে নতুন কোনো তথ্য নেই।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে, উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতি নিশ্চিত হলেই প্রধানমন্ত্রী এই সফর করবেন। তবে এখন পর্যন্ত সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এদিকে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চলমান আলোচনার মধ্যেই এই বিষয়টি সামনে এল। উল্লেখ্য, গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে শেখ হাসিনা দিল্লিতে একটি প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। এছাড়া, ভারতে বসে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার বিষয়টিও বেশ আলোচিত হচ্ছে। তবে সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি এখনো ঝুলে আছে।

