তুরস্কে কোরআন শিক্ষায় সাত বাংলাদেশি নারীর বৃত্তি লাভ

তুরস্কের আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের উদ্যোগে দুই বছর মেয়াদি কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে সাতজন বাংলাদেশি নারী শিক্ষার্থী ইস্তাম্বুলে পৌঁছেছেন। সোমবার ইস্তাম্বুলে পৌঁছানোর পরপরই কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলের সহধর্মিণী ও শিক্ষিকা মারুফা বিনতে ইব্রাহিমী। তুরস্কের প্রেসিডেন্সির সঙ্গে যুক্ত আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশন এই প্রথম বাংলাদেশি নারীদের জন্য এমন পূর্ণাঙ্গ বৃত্তির আয়োজন করেছে। এই বৃত্তির আওতায় নির্বাচিত সাতজন শিক্ষার্থীর তুরস্ক ভ্রমণ, থাকা-খাওয়া, চিকিৎসাসেবা এবং শিক্ষা উপকরণের সব খরচ ফাউন্ডেশন বহন করবে।

শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি এই কোর্সে কোরআন শিক্ষার পাশাপাশি হাদিস, ফিকহসহ ইসলামের বিভিন্ন মৌলিক বিষয়ে গভীর জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। এ ছাড়া তাদের তুর্কি ভাষা শেখার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণের আওতায় আনা হবে। পাঠ্যক্রমের অংশ হিসেবে তরুণীদের প্রয়োজনীয় শিষ্টাচার, আদব-কায়দা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন।

কোর্সের অংশ হিসেবে তুরস্কের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে সরাসরি জানার লক্ষ্যে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষাসফর আয়োজন করা হবে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমন বিশেষ বৃত্তির সুযোগ তৈরি করে দেওয়ায় আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইস্তাম্বুলে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এই ধরণের উদ্যোগের ফলে শিক্ষা, ধর্মীয় জ্ঞান ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে কনস্যুলেট জেনারেল প্রত্যাশা করছে। উভয় দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রেও এই কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।