মেক্সিকোর বিপক্ষে তাদের আসন্ন ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি শিবিরের কাছে একটি ড্রোন দেখা যায়। এই ঘটনায় ফুটবলাররা আতঙ্কিত হয়ে পড়েন। মেক্সিকোর সেনাবাহিনী বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করেছে।
ড্রোনটি দক্ষিণ কোরিয়ার প্রস্তুতির তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল কিনা, তা এখনো স্পষ্ট নয়। এর উৎস, প্রেরক এবং কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কিনা, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং বো জানিয়েছেন, এই ঘটনা তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। তিনি বলেন, "গতকাল আমাদের প্রস্তুতির সময় আকাশে ড্রোনটা দেখা যায়। ভাগ্য ভালো তখনও আমরা প্রস্তুতি শুরু করিনি। আমাদের শিবিরের গোপন কথা জানার জন্য ড্রোন পাঠানো হয়েছিল কি না তা জানি না। তবে যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনায় আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত হয়েছে।"
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে এবং দক্ষিণ কোরিয়া পরাজিত করেছে চেকিয়াকে। শুক্রবারের এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এটি গ্রুপে শীর্ষস্থান দখলের লড়াই। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সন্দেহজনক ড্রোন ঘিরে বিশ্বকাপে উদ্বেগ ছড়িয়েছে।
