দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর দেশে ফিরে নিয়মিত অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বর্তমানে তিনি একের পর এক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি মাশরিকুল আলম পরিচালিত একটি নতুন নাটকের কাজ সম্পন্ন করেছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা। নাটকটির একটি বিশেষ চরিত্রে অংশ নিয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও লেখক কিংকর আহসান। অপূর্ব জানান, চমৎকার চিত্রনাট্যের এই নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং এই দুই লেখকের উপস্থিতি কাজটিতে ভিন্ন মাত্রা যোগ করবে। সেটার অভিজ্ঞতা কেমন হলো?- এ অভিনেতা বলেন, খুবই সুইট অভিজ্ঞতা হয়েছে।
টানা শুটিংয়ের মাঝে কাজ নিয়ে কথা বলতে গিয়ে অপূর্ব জানান, ইতিমধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন এবং সামনে আরও কিছু প্রজেক্ট হাতে রয়েছে। যুক্তরাষ্ট্রে সম্প্রতি তার একক সংগীতানুষ্ঠানটি দারুণ সফল হয়েছে বলে জানান তিনি। স্টেজে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও ভালোবাসা তাকে আপ্লুত করেছে এবং এটি তার ক্যারিয়ারের এক দারুণ অভিজ্ঞতা। এই সাফল্যের পর দেশে বড় পরিসরে কনসার্ট আয়োজনের বিষয়ে তিনি বলেন, এমন একটি উদ্যোগ নেওয়ার ইচ্ছা রয়েছে তার। বর্তমানে এ নিয়ে পরিকল্পনা করছেন এবং দ্রুতই হয়তো বড় কোনো কনসার্টে তাকে দেখা যাবে। যখন স্টেজে উঠেছি এত মানুষ দেখে অবাক হয়েছি।
চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে প্রশ্ন করা হলে অপূর্ব জানান, প্রায়ই সিনেমা নিয়ে কথাবার্তা হয় কিন্তু ব্যাটে-বলে না মেলায় অনেক সময় কাজ করা হয়ে ওঠে না। এবারও নতুন কিছু সিনেমার বিষয়ে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে তিনি বিস্তারিত জানাবেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, চলচ্চিত্রের ক্ষেত্রে শতভাগ মনের মতো গল্প ও চরিত্র না পেলে তিনি কাজ করতে আগ্রহী নন।

