নতুন আয়োজনে আসিফের সঙ্গে রোদসীর কণ্ঠে ‘ট্রাজেডি পিলখানায়’

১৭ বছর আগে পিলখানা ট্র্যাজেডির ওপর ভিত্তি করে ‘ট্রাজেডি পিলখানায়’ শিরোনামে একটি গান গেয়েছিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। সেই সময় তার সঙ্গী ছিলেন ক্ষুদে শিল্পী পড়শী। দীর্ঘ সময় পর গানটি নতুন সঙ্গীতায়োজনে শ্রোতাদের সামনে নিয়ে আসা হচ্ছে। এবারের এই বিশেষ গানে আসিফ আকবরের সাথে কণ্ঠ দিয়েছেন ২০২৫ সালের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় আধুনিক গান বিভাগে চ্যাম্পিয়ন হওয়া রোদসী নূর সিদ্দিকী। কাকতালীয়ভাবে, পড়শীর মতো রোদসীও বর্তমানে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত। ৯ অক্টোবর রোদসীর জন্মদিনে ‘আসিফ আকবর’ ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হবে। তবে এবার আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ২০২৫ সালের ‘নতুন কুঁড়ি’র আধুনিক গানে চ্যাম্পিয়ন হওয়া রোদসী।

গানটি লিখেছেন রাজীব আহমেদ এবং এর সুর করেছেন প্রখ্যাত তবলা শিল্পী ও সঙ্গীত পরিচালক পল্লব স্যানাল। নতুন করে এর সঙ্গীতায়োজন করেছেন রাজিব হোসেন, আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গানটির প্রেক্ষাপট নিয়ে আসিফ আকবর জানান, ২০০৯ সালে পিলখানায় ৫৭ জন অফিসার শহীদ হওয়ার ঘটনাটি ছিল একটি জাতীয় ট্র্যাজেডি। সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতেই গানটি তৈরি হয়েছিল। ১৭ বছর আগে পরিবেশটি ছিল অনেক বৈরী। এখন নতুন করে গানটি প্রকাশের প্রয়োজনীয়তা অনুভব করে তিনি রোদসীকে বেছে নিয়েছেন। সঙ্গীতশিল্পী ইথুন বাবুর পরামর্শে রোদসীর কণ্ঠ শোনার পর তিনি মুগ্ধ হয়েছেন এবং এই কিশোরী শিল্পী ভবিষ্যতে অনেক দূর যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। ২০০৯ সালে রাজধানীর পিলখানায় যে ট্র্যাজেডি ঘটে যায়, সেখানে আমাদের ৫৭ জন অফিসার শহীদ হন। ১৭ বছর আগে গানটি যখন করি তখন একটি বৈরী সময় ছিল। সেই সময় একটি বাচ্চা কণ্ঠের প্রয়োজন ছিল, তাই আমরা পড়শীকে নিয়েছিলাম। এত বছর পর এসে মনে হলো গানটা নতুন করে করা প্রয়োজন। তখন আমি ইথুন বাবু ভাইকে ফোন করে রোদশীর সন্ধান পাই।

সুযোগ পেয়ে নিজের প্রতিক্রিয়ায় রোদসী নূর সিদ্দিকী জানায়, তার কাছে এটি অত্যন্ত গর্বের ও ভাগ্যের বিষয়। ইথুন বাবু ও আসিফ আকবরের প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সুরকার পল্লব স্যানাল রোদসীর মেধা নিয়ে উচ্ছ্বসিত। তিনি জানান, রোদসী তার শিক্ষার্থী। তার কণ্ঠের পরিপক্কতা অত্যন্ত আশাব্যঞ্জক, যা সচরাচর দেখা যায় না। সঠিক চর্চা অব্যাহত থাকলে সে ভবিষ্যতে শাকিলা জাফরের মতো একজন মার্জিত ও পরিশীলিত সঙ্গীতশিল্পী হয়ে উঠতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।

রোদসী বর্তমানে হলিক্রস গার্লস হাইস্কুলে পড়াশোনা করছে এবং নিয়মিত সঙ্গীত চর্চা করছে। এর আগে সে শিশু একাডেমির জুনিয়র কোর্স সম্পন্ন করেছে এবং বর্তমানে ছায়ানটে গান শিখছে। তার বাবা ড. মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী ও মা ড. রেজিনা আহমেদ—দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছেন। নতুন এই সঙ্গীতায়োজনটি নিয়ে শিল্পীর ভক্তদের মাঝেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।