জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ ইউটিউবে উন্মুক্ত হওয়ার পর থেকেই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গত ৭ই অক্টোবর ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে নাটকটির প্রথম পর্ব প্রকাশ করা হয়। প্রকাশের ৩ ঘণ্টা ৩৭ মিনিটের মধ্যেই এটি ১ মিলিয়ন ভিউয়ের মাইলফলক পেরিয়ে যায়। এরপর থেকে দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এবং গতকাল বিকাল নাগাদ নাটকটির ভিউ সংখ্যা ৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। পারিবারিক আবহে নির্মিত এই ধারাবাহিকটির প্রতিটি নতুন পর্ব প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে নিয়মিত সম্প্রচার করা হবে। সবমিলিয়ে রেকর্ড গড়েই যাত্রা শুরু হলো সিরিজটির।
‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে নির্মাতা তার আগের সাড়া জাগানো কাজ ‘এটা আমাদেরই গল্প’র অধিকাংশ অভিনয়শিল্পীকে পুনরায় একত্রিত করেছেন। নাটকটিতে জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম প্রায় ১৩ বছর পর আবারো একসঙ্গে কোনো ধারাবাহিকে কাজ করছেন। অনেক বছর পর রাজের পরিচালনায় কোনো দীর্ঘ ধারাবাহিকে জাহিদ হাসানের ফিরে আসা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। এছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু, ডিকন নূর, তানজিম সাইয়ারা তটিনী ও ফাইজুল ইয়ামিন। সময়ের প্রয়োজনে মানুষের আবেগ ও সম্পর্কের কাছে ফিরে আসার টানাপড়েন নিয়েই এই ধারাবাহিকের মূল গল্প আবর্তিত হয়েছে। সময়ের কোনো একপর্যায়ে সম্পর্ক কিংবা অনুভূতির কাছেই আবার ফিরে আসার প্রয়োজন তৈরি হয় মানুষের।

