গত সোমবার বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির নতুন কমিটির অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০২৬-২৮ সালের নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটির আয়োজনে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় বাংলাদেশের সিনেমার একসময়ের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী নূতনকে। অনুষ্ঠানের মঞ্চে কিংবদন্তি অভিনেত্রী সুজাতা এবং বর্তমান সময়ের জনপ্রিয় তারকা পূর্ণিমা তার হাতে আজীবন সম্মাননার স্মারক তুলে দেন। এমন প্রাপ্তিতে ভীষণ আনন্দিত ও উচ্ছ্বসিত নূতন আয়োজক সমিতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নূতন বলেন, এই সম্মাননায় আমি ভীষণ পুলকিত। বিশেষ করে শ্রদ্ধেয় সুজাতা আপার হাত থেকে আজীবন সম্মাননা গ্রহণ করাটা আমার জন্য পরম গর্ব ও সম্মানের বিষয়। মঞ্চে সুজাতা আপার পা ছুঁয়ে সালাম জানিয়ে গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছেন তিনি। এছাড়া জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থিতি পুরো অনুষ্ঠানজুড়ে বিশেষ আলো ছড়িয়েছে বলেও উল্লেখ করেন নূতন।
উল্লেখ্য যে, বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইফ খান (কালু)। এছাড়া উপদেষ্টা হিসেবে কমিটিতে রয়েছেন আজিজ রেজা, এস এম মাসুম ও ইমদাদুল হক খোকন। নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

