নতুন নাটকে দিলারা জামান ও তাহমিনা সুলতানা মৌ

আশির কোঠা পেরিয়েও অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন বাংলাদেশের অভিনয় জগতের জীবন্ত কিংবদন্তী দিলারা জামান। সম্প্রতি তিনি ‘পুরোনো এক আলমারি’ শিরোনামের ভিন্নধর্মী একটি নাটকে অভিনয় করেছেন। মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাঈন হাসান এবং এর ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করেছেন সোমেশ্বর অলি।

নাটকটির মূল কাহিনী আবর্তিত হয়েছে একটি পুরোনো আলমারি এবং দিলারা জামানের চরিত্রকে কেন্দ্র করে। এতে তার পুত্রবধূর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। নির্মাতা ও কলাকুশলী সূত্রে জানা গেছে, নাটকটি খুব দ্রুতই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে।

নতুন এই কাজ প্রসঙ্গে দিলারা জামান বলেন, জীবনের এই পর্যায়ে এসে এমন চমৎকার গল্পের নাটকে অভিনয়ের সুযোগ পাওয়াটা আনন্দের। ‘পুরোনো এক আলমারি’র চিত্রনাট্যটি অত্যন্ত সুন্দর এবং মনের মতো। মাতিয়া বানু শুকুর এই গল্পের প্রশংসা করে তিনি আরও বলেন, মৌয়ের সঙ্গে আগেও অনেক কাজ হয়েছে; সে একজন মিষ্টি স্বভাবের ও নিখুঁত অভিনেত্রী।

কিংবদন্তী এই অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তাহমিনা সুলতানা মৌ বলেন, দিলারা জামান আন্টি অভিনয়ের জগতের সত্যিকারের কিংবদন্তী। তার সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্তই শিক্ষণীয়। তিনি নিজেকে যেভাবে যত্ন করেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন প্রাণবন্ত ও সুস্থ থেকে এখনো নিয়মিত অভিনয় করে যাওয়াটা আমাদের জন্য অনুপ্রেরণার এবং তার সঙ্গে কাজের সুযোগ পাওয়া সবসময়ই আনন্দের।