মিমি চক্রবর্তীর হবু বরের পরিচয় নিয়ে জোর গুঞ্জন

ব্যক্তিগত জীবনকে সবসময় লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত উপস্থিতি থাকলেও নিজের প্রেম কিংবা বিয়ের মতো ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে এখনো অফিশিয়ালি কোনো মন্তব্য করেননি তিনি। তবে সম্প্রতি টালিপাড়ায় তার বিয়ের খবর নিয়ে জোর আলোচনা চলছে। চলতি বছরের ডিসেম্বরেই নাকি এই অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

অনলাইন ও টালিপাড়ার গুঞ্জন অনুযায়ী, মিমির হবু বরের নাম সিদ্ধার্থ দত্ত। বিনোদন জগতের বাইরের মানুষ সিদ্ধার্থ পেশায় একজন আন্তর্জাতিক মেরিন ইঞ্জিনিয়ার। কলকাতার সন্তান সিদ্ধার্থের প্রাথমিক পড়াশোনা ‘ক্যালকাটা বয়েজ স্কুল’-এ। এরপর মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিয়ে তিনি যোগ দেন আন্তর্জাতিক মার্চেন্ট নেভিতে। ২০০৮ সালের মার্চ মাস থেকে তিনি যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান ‘শেল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড’-এ কর্মরত আছেন এবং বর্তমানে সেখানে সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে নিজের দায়িত্ব সামলাচ্ছেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে, যা এই গুঞ্জনের পালে নতুন হাওয়া দিয়েছে। দাবি করা হচ্ছে, টালিপাড়ার বন্ধুদের সঙ্গে আড্ডার সেই ছবিতে মিমির পাশেই তার হবু স্বামীকে একঝলক দেখা গেছে। গুঞ্জন রয়েছে, কোনো এক পূজোর সময়েই মিমি ও সিদ্ধার্থের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

জলপাইগুড়ির মেয়ে মিমির বিয়ের আসর শীতের আমেজে পাহাড়ি শহর কালিম্পংয়ে বসতে পারে বলেও কানাঘুষা চলছে। তবে এই ভাইরাল ছবি কিংবা বিয়ের গুঞ্জন নিয়ে মিমি বা সিদ্ধার্থ কেউই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। চার হাত এক হওয়া নিয়ে পুরো বিষয়টিই আপাতত গুঞ্জনের স্তরেই রয়েছে।