বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে দেশ ভ্রমণে এসে নাটোরে চরম বিপাকে পড়েছেন ১৮ বছর বয়সী জার্মান পর্যটক কিরিল। নাটোর রেলওয়ে স্টেশনে নিজের ট্রাভেল ব্যাগ হারিয়ে এখন তিনি সর্বস্বান্ত। ব্যাগে থাকা ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মালামাল হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। সহায়তার আশায় নাটোর সদর থানায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এই বিদেশি তরুণ।
ঘটনার বিবরণ দিয়ে কিরিল জানান, বুধবার বিকেল চারটার দিকে বগুড়া থেকে ট্রেনে করে নাটোর স্টেশনে পৌঁছান তিনি। স্টেশনের ওয়েটিং রুমে নিজের ব্যাগটি রেখে এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় নিরাপত্তার খাতিরে জ্যাকেট পরা এক রেলওয়ে কর্মকর্তার কাছে তিনি মালামালগুলো গচ্ছিত রেখে যান। ওই কর্মকর্তা ব্যাগ দেখভালের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু টাকা তুলে ফিরে এসে কিরিল দেখেন, ব্যাগটি নেই এবং ওই কর্মকর্তাও উধাও। আশপাশে খোঁজাখুঁজি করে কোনো উপায় না পেয়ে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোর পর তাকে নাটোর সদর থানায় নেওয়া হয়।
তদন্তে কিছুটা আশার আলো দেখছেন ভুক্তভোগী এই পর্যটক। কিরিল জানান, তার চুরি যাওয়া ল্যাপটপের ‘আইক্লাউড’ (iCloud) ট্র্যাকিং সিস্টেম অনুযায়ী বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ডিভাইসটির লোকেশন পার্শ্ববর্তী নওগাঁ এলাকায় দেখাচ্ছিল। এই তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন তিনি।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহসান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। প্রযুক্তি ব্যবহার করে ল্যাপটপের অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের আটকের উদ্দেশ্যে ইতোমধ্যে নওগাঁয় পুলিশ দল পাঠানো হয়েছে। অপরাধীকে আইনের আওতায় আনতে সব ধরণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

