সংযুক্ত আরব আমিরাতে হংকং ও থাইল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে নারী এশিয়া কাপের দশম আসরের। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। টুর্নামেন্ট শুরুর আগে গত বৃহস্পতিবার অধিনায়কদের নিয়ে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে জ্যোতি তার দলের লক্ষ্য ও প্রস্তুতির বিষয়ে কথা বলেন।
সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের সমর্থন প্রত্যাশা করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা যতবারই এখানে এসেছি, অনেক বেশি মানুষের সমর্থন পেয়েছি। ২০২৪ সালেও আমরা যখন এখানে খেলেছি, তখন প্রবাসী ভাইবোনেরা মাঠে এসে আমাদের উৎসাহ জুগিয়েছেন। এবারও আমরা আশা করছি তারা মাঠে আসবেন এবং আমাদের চিয়ার করবেন। বাংলাদেশের মানুষ যেখানেই থাকুক, তারা সবসময় চায় নারী ক্রিকেট যেন প্রতিটি টুর্নামেন্টে ভালো পারফর্ম করুক।’
এবারের এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল বেশ ভালো প্রস্তুতি নিয়েছে বলে জানান জ্যোতি। সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপের কথা মাথায় রেখে অনেক ভালো প্রস্তুতি নিয়েছি। অতীতে দেখা গেছে আমরা সেমিফাইনাল পর্যন্ত গিয়েই বিদায় নিয়েছি। এবার আমাদের লক্ষ্য ফাইনাল খেলা এবং বাংলাদেশকে আরেকটি উৎসবের উপলক্ষ এনে দেওয়া।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ মুহূর্তে কয়েকটি ম্যাচ হাতছাড়া হওয়ার প্রসঙ্গ টেনে জ্যোতি বলেন, ‘আমরা সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি। এবার সেই ভুলের পুনরাবৃত্তি না করে ইতিবাচক মানসিকতা নিয়ে ভালো ক্রিকেট খেলতে আমরা মুখিয়ে আছি।’
এবারের আসরে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে লড়ছে ভারত, পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই গ্রুপের শীর্ষ দলগুলো সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১৩ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই লড়াইয়ের। উল্লেখ্য, ২০১৮ সালে কুয়ালালামপুরে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। দীর্ঘ আট বছর পর সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতেই মাঠে নামবে টাইগ্রেসরা।

