নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে ফর্মুলা ওয়ান আবুধাবি গ্র্যান্ড প্রি

২০২৬ ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর্দা নামবে আবুধাবিতে। ফর্মুলা ওয়ান ইতিহাদ এয়ারওয়েজ আবুধাবি গ্র্যান্ড প্রি আগামী ৩ ডিসেম্বর শুরু হয়ে ৬ ডিসেম্বর পর্যন্ত ইয়াস মারিনা সার্কিটে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চূড়ান্ত এই পর্বটি নির্ধারিত সূচি অনুযায়ীই সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন ফর্মুলা ওয়ানের প্রেসিডেন্ট ও সিইও স্টেফানো ডোমেনিকালি। তিনি জানান, মৌসুমের শেষ এই রেস আয়োজনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে চলছে এবং নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ীই চ্যাম্পিয়নশিপের কার্যক্রম সম্পন্ন হবে।

আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগের আন্ডার-সেক্রেটারি সাউদ আব্দুল আজিজ আল হোসানি বলেন, ২০০৯ সাল থেকে ফর্মুলা ওয়ান আয়োজন করে আসছে আবুধাবি। এটি বিশ্বমঞ্চে আমিরাতের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে এবং বড় ধরনের আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনে তাদের সক্ষমতার প্রমাণ দেয়। এই গ্র্যান্ড প্রি আবুধাবিকে একটি বৈশ্বিক পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরার পাশাপাশি আতিথেয়তা ও ইভেন্ট খাতকে ব্যাপকভাবে সহায়তা করছে, যা সারা বিশ্বের দর্শকদের আকৃষ্ট করে।

ইথারা-এর সিইও সাইফ রশিদ আল নোয়াইমি জানিয়েছেন, রেস আয়োজনের প্রস্তুতি সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ এবং আমিরাতের বিভিন্ন অংশীদারদের সাথে সমন্বয়ের মাধ্যমে দর্শক, দল এবং ড্রাইভারদের জন্য একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা উপহার দিতে তারা কাজ করে যাচ্ছেন।

ইয়াস মারিনা সার্কিটের তীব্র প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ইয়াস আইল্যান্ড জুড়ে কনসার্ট, বিনোদনমূলক অনুষ্ঠান এবং আতিথেয়তার নানা আয়োজন এই গ্র্যান্ড প্রি-কে ফর্মুলা ওয়ান ক্যালেন্ডারের অন্যতম আকর্ষণীয় ইভেন্টে পরিণত করেছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফর্মুলা ওয়ান ভক্তদের স্বাগত জানাতে প্রস্তুত আবুধাবি। খেলাধুলা, বিনোদন এবং পর্যটনের এক অনন্য সংমিশ্রণে একটি বিশ্বমানের অভিজ্ঞতা উপহার দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।