নেত্রকোনায় সাংবাদিক নিহতের ঘটনায় আটক ১

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ নিহতের ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে শহরের পুরাতন সিনেমা হল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ২৩ বছর বয়সী অপূর্ব দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানিয়েছেন, আটক যুবক স্থানীয় সন্ত্রাসী তাজুল ইসলামের সহযোগী হিসেবে পরিচিত।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামের একটি দোকানে সাংবাদিক আলিফকে গুলি করে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাশে তেলনজিয়া এলাকায় ঘটে যাওয়া এ ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহত লুৎফুজ্জামান আলিফ আইপিটিভি চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজে নিয়মিত বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করতেন। কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে ছিল তার পৈতৃক নিবাস।