দীর্ঘ পাঁচ বছরের বিরতি ভেঙে সিনেমার গানে ফিরলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন

নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রের সংগীতে নবজাগরণ সৃষ্টিকারী জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও প্লেব্যাকে ফিরেছেন। নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবুর নতুন সিনেমা ‘স্বপ্নের নায়িকা’-এর টাইটেল গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন আনোয়ার শিকদার টিটন। এই গানে আগুনের সঙ্গে দ্বৈত কণ্ঠে অংশ নিয়েছেন তানজিনা রুমা।

গানটির সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন বলেন, ‘আগুন আমাদের চলচ্চিত্রের সোনালি দিনের অন্যতম শীর্ষ গায়ক। গানটি তৈরির শুরু থেকেই তার কথা মাথায় ছিল। সুর ও সংগীতের কাজ শেষ করে তাকে পাঠানোর পর তিনি গানটি পছন্দ করেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে রেকর্ডিং সম্পন্ন করেছেন।’

উল্লেখ্য যে, এর আগে সর্বশেষ ২০২১ সালে ‘শত্রু’ নামের একটি সিনেমায় প্লেব্যাক করেছিলেন আগুন। এরপর দীর্ঘ সময় চলচ্চিত্রের গান থেকে দূরে থাকলেও শ্রোতাদের হৃদয়ে তার অবস্থান অটুট ছিল। ১৯৯৩ সালে সালমান শাহ ও মৌসুমী অভিনীত কালজয়ী সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। প্রথম ছবিতেই তার মেলোডিয়াস কণ্ঠ শ্রোতাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

পরবর্তীতে ‘অন্তরে অন্তরে’, ‘তুমি আমার’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘আম্মাজান’ ও ‘দুই দুয়ারী’র মতো অসংখ্য সুপারহিট চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে নব্বইয়ের দশকে তিনি সংগীতে নিজস্ব এক ধারা তৈরি করেছিলেন। দীর্ঘ বিরতি শেষে তার এই প্রত্যাবর্তনে ভক্ত ও সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।