আজ নন্দিত চিত্রনায়ক সালমান শাহ’র ৫৫তম জন্মদিন

ঢাকাই সিনেমার অকালপ্রয়াত এবং তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন আজ, ১৯ সেপ্টেম্বর। বেঁচে থাকলে আজ তিনি ৫৫তম বছরে পদার্পণ করতেন। ১৯৭১ সালের এই দিনে সিলেটে শাহরিয়ার চৌধুরী ইমন নামে জন্মগ্রহণ করেন তিনি, যিনি পরে রুপালি পর্দায় সালমান শাহ নামে পরিচিতি পান। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। ছবিটি তাকে দ্রুতই দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে দেয়।

মাত্র চার বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সালমানের অভিনয় শৈলী ছাড়াও তার পোশাক ও চুলের সাজ নব্বইয়ের দশকের তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ক্যারিয়ারে তার অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ১৪টিতেই তার বিপরীতে অভিনয় করেছেন শাবনূর, যাদের জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় হিসেবে স্বীকৃত। তার অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘জীবন সংসার’, ‘প্রেম প্রিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘মায়ের অধিকার’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’ প্রভৃতি।

চলচ্চিত্রে আসার আগেই ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু হয় তার। পরবর্তীতে তিনি ‘দেয়াল’ (১৯৮৫), ‘সব পাখি ঘরে ফেরে’ (১৯৮৫), ‘সৈকতে সারস’ (১৯৮৮), ‘নয়ন’ (১৯৯৫) এবং সবশেষ ‘স্বপ্নের পৃথিবী’ (১৯৯৬) নাটকে অভিনয় করেন। দুর্ভাগ্যজনকভাবে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবার প্রিয় এই ‘স্বপ্নের নায়ক’ পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান। তার মৃত্যুর কারণ এখনো রহস্যের চাদরে আবৃত রয়ে গেছে। আজ মৃত্যুর তিন দশক পরেও দর্শক হৃদয়ে সমানভাবে অমলিন তিনি।