প্রবীণ শিল্পীদের জন্য স্বপ্নের বিশেষ উদ্যোগ

ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ ও জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’র মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার (১৪ই সেপ্টেম্বর) সংঘের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তির মূল লক্ষ্য হলো নাট্যাঙ্গনে দীর্ঘদিনের অবদান রাখা গুণী ও প্রবীণ শিল্পীদের প্রতি সম্মান প্রদর্শন করা। আয়োজকদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এটি কোনো আর্থিক অনুদান নয়, বরং গুণী শিল্পীদের সম্মানে নেওয়া একটি বিশেষ উদ্যোগ।

চুক্তির শর্ত অনুযায়ী, অভিনয়শিল্পী সংঘের বাছাইকৃত ২৫ জন প্রবীণ সদস্য এখন থেকে স্বপ্ন’র যেকোনো আউটলেট থেকে প্রতি মাসে ৫ হাজার টাকা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, এই ২৫ জন সদস্যের পাশাপাশি ৬০ বছরের বেশি বয়সী অভিনয়শিল্পীরা কেনাকাটায় ৭ শতাংশ এবং অন্যান্য সকল সদস্য ৫ শতাংশ বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সংঘের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও স্বপ্ন’র প্রতিনিধিরা। কমিটির সদস্যরা এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে শিল্পীদের কল্যাণে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন।