বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দিঠির কণ্ঠে নতুন গান ‘ঘড়ির কাঁটা

উপমহাদেশের কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের চতুর্থ প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ গান প্রকাশ করেছেন তাঁর কন্যা, জনপ্রিয় সংগীতশিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ার। গত ৪ সেপ্টেম্বর বাবার মৃত্যুবার্ষিকীতে গানটি দিঠির নিজস্ব ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’-এ মুক্তি দেওয়া হয়। ‘ঘড়ির কাঁটা’ শিরোনামের এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বর্তমান প্রজন্মের মেধাবী শিল্পী অপু আমান।

গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার জানান, এটি তাঁর বাবাকে নিয়ে লেখা ‘দিঠির খাতা’র অন্তর্ভুক্ত একটি বিশেষ সৃষ্টি। তিনি বলেন, ‘আব্বু বেঁচে থাকতেই আমি গানটিতে কণ্ঠ দিয়েছিলাম, সম্প্রতি এর ভিডিও চিত্রায়ন সম্পন্ন হয়েছে। বাবার সহজ-সরল ভাষা ও শব্দের কারুকাজ সবসময়ই শ্রোতাদের মুগ্ধ করত, এই গানটিও তার ব্যতিক্রম নয়।’ সুরকার অপু আমানের প্রশংসা করে দিঠি আরও বলেন, অপু অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী, যার সুর করার ক্ষমতা অসাধারণ। ইন্ডাস্ট্রিতে তাঁর মতো মেধাবীদের আরও বেশি কাজে লাগানো প্রয়োজন বলে তিনি মনে করেন।

সংগীত পরিচালক অপু আমান জানান, গাজী মাজহারুল আনোয়ারের লেখা অপ্রকাশিত গানগুলোর মধ্যে ‘ঘড়ির কাঁটা’ অন্যতম শ্রেষ্ঠ একটি কাজ। কিংবদন্তি এই গীতিকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে অপু বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার আমার কাছে ছিলেন এক বিস্ময়। তিনি আমাকে সন্তানের মতো স্নেহ না করলে বাংলা গানের নিজস্ব আবেগ ও অনুভূতির গভীরতা আমার জীবনে অপূর্ণ থেকে যেত। আমি তাঁর কাছে চিরঋণী।’

উল্লেখ্য, এর আগেও দিঠি আনোয়ার তাঁর ইউটিউব চ্যানেলে বাবার লেখা ‘জন্মের পরে’, ‘রবি ঠাকুর’, ‘মেঘলা আকাশ’ ও ‘মধুর ক্যান্টিন’-এর মতো জনপ্রিয় গানগুলো প্রকাশ করেছেন। এদিকে, প্রখ্যাত এই গীতিকারকে স্মরণ করে উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি আমাদেরকে কাঁদিয়ে চলে গেলেন গাজী ভাই। আল্লাহ পাক আপনাকে জান্নাত নসীব করুন, ওপারে খুব ভালো থাকবেন।’