বিকৃত ভিডিও নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জাহ্নবী কাপুর

‘দেবরা’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘চুট্টামল্লে’র দৃশ্য ব্যবহার করে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে একটি বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি বিষয়টি নিয়ে সরব হন। তিনি জানান, তার দৃশ্য ব্যবহার করে যৌন উত্তেজক কনটেন্ট তৈরি করা হয়েছিল, যা পরে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেয়া হয়। জাহ্নবীর অভিযোগ, সম্মতি ছাড়া প্রযুক্তির অপব্যবহার করে নারীকে যৌনভাবে উপস্থাপন করা অপরাধ এবং এটি যৌন নিগ্রহের পর্যায়ে পড়ে। তার মতে, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নারীদের বস্তু হিসেবে উপস্থাপন করা এবং সম্মতি ছাড়া কল্পিত বিষয় ছড়িয়ে দেয়া অত্যন্ত ক্ষতিকর। জাহ্নবী দাবি করেন, ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেক নারীই ক্যারিয়ারের কোনো না কোনো পর্যায়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

নারীর ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা

অভিনেত্রী আরও বলেন, কোনো নারীর পোশাক, শরীর বা ব্যক্তিগত পছন্দ কখনোই তাকে হয়রানির অধিকার কাউকে দেয় না। একজন নারী কখন সম্মতি দেবেন বা না বলবেন, সেই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো জরুরি। তার মতে, শারীরিক নিরাপত্তাহীনতার পাশাপাশি ডিজিটাল দুনিয়াতেও নারীরা নতুন হুমকির মুখে পড়ছেন। এ ধরনের ঘটনার সমাধানে নারীদের নিরাপত্তার পাশাপাশি অন্যের ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘনের মানসিকতা বন্ধ করতে হবে। এ ঘটনায় প্রতিবাদ জানানোয় সহ-অভিনেতা জুনিয়র এনটিআরকে ধন্যবাদ জানিয়েছেন জাহ্নবী। এর আগে এনটিআর বিকৃত ভিডিওটির নিন্দা জানিয়ে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলেছিলেন।