বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর মাত্র চার দিন আগে ব্রাজিল ফুটবল শিবিরে এক বড় ধাক্কা লেগেছে। কার্লো আনচেলত্তির অধীনে ২৬ সদস্যের ব্রাজিল দলের একমাত্র বিশেষজ্ঞ রাইট-ব্যাক ওয়েসলি চোটের কারণে আসন্ন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) রবিবার এই দুঃসংবাদ নিশ্চিত করেছে। সিবিএফ জানিয়েছে, শনিবার মিশরের বিপক্ষে ২-১ গোলে জয়ী প্রীতি ম্যাচে ওয়েসলি তার বাম ঊরুর পেশিতে আঘাত পান। আঘাত পাওয়ার পর তাকে অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়তে দেখা যায়।
২২ বছর বয়সী রোমার এই ডিফেন্ডারের স্থলাভিষিক্ত হিসেবে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন আতালান্তার মিডফিল্ডার এদেরসন। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় সোমবার যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন। ব্রাজিলের জাতীয় দলের হয়ে তিনি এ পর্যন্ত তিনটি ম্যাচে অংশ নিয়েছেন।
পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ সময় আগামী রবিবার ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো হাইতি এবং স্কটল্যান্ড।
