বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে

চলতি ফুটবল বিশ্বকাপে মাত্র এক ম্যাচ খেলেই তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ফুটবলার থেম্বা জোয়ানে। তার এই নিষেধাজ্ঞায় দক্ষিণ আফ্রিকা দল বিপাকে পড়েছে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের রেফারি উইলটন সাম্পাই মোট তিনটি লাল কার্ড দেখান। এর মধ্যে মেক্সিকোর একজন এবং দক্ষিণ আফ্রিকার দুইজন খেলোয়াড় লাল কার্ড পান।

আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচের ৮৫ মিনিটে সরাসরি লাল কার্ড পান থেম্বা জোয়ানে। হিংসাত্মক আক্রমণের কারণে ফিফা তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।

এই নিষেধাজ্ঞার কারণে জোয়ানে দক্ষিণ আফ্রিকার গ্রুপপর্বের দুটি ম্যাচ এবং দল রাউন্ড অফ ৩২-এ উঠলে সেই ম্যাচটিও মিস করবেন।

ফিফা এক বিবৃতিতে জানায়, ফিফার শৃঙ্খলাজনিত কমিটি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে সরাসরি লাল কার্ড দেখা ফুটবলার থেম্বা জোয়ানেকে ফিফার শৃঙ্খলাজনিত কোড-এর ১৪ নং অনুচ্ছেদের ১(ই) প্যারাগ্রাফ অনুযায়ী তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার আপিল কমিটিতে আপিল করতে পারবেন জোয়ানে।

দক্ষিণ আফ্রিকা তাদের পরবর্তী ম্যাচ খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এবং শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার সঙ্গে।