বিশ্বকাপ দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, আহত ৪

যুক্তরাষ্ট্রের কানসাস সিটির মহাসড়কে গত মঙ্গলবার সন্ধ্যায় একটি উবার চালককে লক্ষ্য করে গুলিবর্ষণসহ একাধিক হামলার ঘটনা ঘটেছে। এই ধারাবাহিক হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ওই উবার গাড়িটিতে করে একদল ফুটবল সমর্থক আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাচ্ছিলেন।

প্রায় ৩০ মিনিটের ব্যবধানে ইন্টারস্টেট-৬৭০ এবং ইন্টারস্টেট-৭০ মহাসড়কে সংঘটিত এই ধারাবাহিক হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কানসাস সিটির বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভুক্তভোগী এক সমর্থক জানিয়েছেন, তারা যখন উবারে করে ম্যাচ দেখতে যাচ্ছিলেন, তখন চলন্ত গাড়িটিকে লক্ষ্য করে পাশ থেকে অন্য একটি গাড়ি থেকে দুই রাউন্ড গুলি চালানো হয়। গাড়ি থামানোর পর তারা দেখতে পান যে উবার চালকের পায়ে গুলি লেগেছে এবং সেখানে একটি বড় ক্ষত তৈরি হয়েছে। তারা দ্রুত পুলিশকে খবর দেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই হামলার সঙ্গে চলমান বিশ্বকাপ বা ফুটবল ম্যাচের কোনো সম্পর্ক নেই।

পুলিশ এই হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে ২২ বছর বয়সী অস্কার সানচেজ-মুনোজ নামের এক যুবককে চিহ্নিত করেছে। তাকে সশস্ত্র ও বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে।

হামলার পরপরই পুলিশ কর্মকর্তারা পার্শ্ববর্তী মিসৌরির ইন্ডিপেন্ডেন্স এলাকার একটি বাড়িতে সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করেন। বাড়িটি ঘিরে ফেললে সেখানে এক অচলাবস্থার সৃষ্টি হয়। অভিযানের একপর্যায়ে ওই বাড়ির ভেতর রহস্যজনকভাবে আগুন ধরে যায়। পরবর্তীতে পুলিশ ভেতরে প্রবেশ করলেও কাউকে খুঁজে পায়নি।

কানসাস সিটির পুলিশ প্রধান স্ট্যাসি গ্রেভস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা অপরাধীকে ধরার জন্য অত্যন্ত তৎপর রয়েছেন এবং যত দ্রুত সম্ভব তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এই হামলার মাত্র ১০ দিন আগেই কানসাস সিটিতে ইংল্যান্ড ফুটবল দলের বিশ্বকাপ বেসক্যাম্প থেকে মাত্র চার মাইল দূরে আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছিল, যেখানে ৯ জন আহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন হামলার ঘটনা ঘটল।