বেইজিংয়ে বিতর্কিত দৌড়: ক্ষমা চেয়ে পয়েন্ট ফিরিয়ে দিলেন অস্ট্রেলীয়

বেইজিংয়ে আয়োজিত হায়রক্স ইনডোর ফিটনেস প্রতিযোগিতার মাঝপথে মলত্যাগ করে ফেলার পরও দৌড় অব্যাহত রাখায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার ২৩ বছর বয়সী বিশ্বরেকর্ডধারী অ্যাথলেট জোয়ানা উইট্রজিক। গত উইকএন্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নিজের পা ও জুতোয় মল লেগে থাকা অবস্থাতেই তিনি ম্যাট ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে খেলা চালিয়ে যান। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অন্যান্য প্রতিযোগীদের জন্য তৈরি হওয়া স্বাস্থ্যঝুঁকি নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অবশেষে গত শুক্রবার তিনি এ নিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং জয় থেকে পাওয়া পয়েন্ট ফেরত দিয়ে প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জোয়ানা উইট্রজিক বলেন, “আমি বেইজিংয়ের প্রতিযোগিতার সময় যা ঘটেছে তার জন্য চীনের জনগণ, আমার সহ-প্রতিযোগী, দর্শক এবং হায়রক্স আয়োজকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।” তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিযোগিতা শুরুর মুহূর্তে তিনি নিজেকে সম্পূর্ণ সুস্থ ও ফিট মনে করেছিলেন এবং হঠাৎ অসুস্থ হয়ে পড়ার মতো কোনো পূর্বাভাস তার ছিল না।

নিজের ভুলের কথা স্বীকার করে এই অস্ট্রেলীয় অ্যাথলেট বলেন, “পেছনের দিকে তাকিয়ে এখন আমার অনুশোচনা হচ্ছে যে কেন আমি সেদিন ট্র্যাক থেকে সরে দাঁড়াইনি। আমি বুঝতে পারছি যে আমার ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।” তিনি আরও যোগ করেন, “আমি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছি এবং ভবিষ্যতেও তা মনে রাখব। রেসিংয়ের চেয়েও জীবনে আরও বড় কিছু আছে এবং কখন সরে দাঁড়াতে হয় তা জানা জরুরি। এখন আমি সমস্ত কোলাহল থেকে দূরে থেকে নিজের ও পরিবারের যত্ন নিতে এবং বিষয়গুলো নিয়ে ভাবার জন্য কিছু সময় নেব।”

হায়রক্স কর্তৃপক্ষের প্রতিক্রিয়া ও দুঃখ প্রকাশ

জার্মানিতে শুরু হওয়া এবং বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় এই হায়রক্স ফিটনেস প্রতিযোগিতায় ট্রেডমিল রানিংয়ের পাশাপাশি লাঞ্জেস ও রোয়িংয়ের মতো বিভিন্ন ধরনের শক্তির ব্যায়াম অন্তর্ভুক্ত থাকে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার পর প্রতিযোগিতার স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড নিয়ে চারদিকে তীব্র সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার বিশ্বব্যাপী এই আয়োজনের সহ-প্রতিষ্ঠাতা মরিটজ ফুর্স্টে সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চান।

মরিটজ ফুর্স্টে এক বিবৃতিতে বলেন, “প্রতিযোগিতা চলাকালীন তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নিয়ে হায়রক্স বড় ভুল করেছে। শেষ পর্যন্ত এই ধরনের সম্ভাব্য ঘটনাগুলো আগে থেকে অনুমান করা আমার দায়িত্বের মধ্যেই পড়ে, যা আমি করতে ব্যর্থ হয়েছি।” এই ঘটনার পর হায়রক্স কর্তৃপক্ষ তাদের নিয়মে তাৎক্ষণিক পরিবর্তন নিয়ে এসেছে।

নতুন সংশোধিত নিয়মে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, যদি কোনো প্রতিযোগীর রক্ত, বমি, প্রস্রাব বা মল নিজের অথবা অন্য কোনো প্রতিযোগীর কল্যাণের ক্ষেত্রে হুমকি তৈরি করে কিংবা স্বাস্থ্যঝুঁকি বা দূষণ ছড়ানোর আশঙ্কা সৃষ্টি করে, তবে রেস ডিরেক্টর চিকিৎসাগত কারণে তাৎক্ষণিকভাবে ওই প্রতিযোগীকে রেস থেকে প্রত্যাহার করতে পারবেন।