ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ জাহ্নবী কাপুর, ৫৫২টি আপত্তিকর লিংক সরানোর নির্দেশ

নিজের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট এবং তার পরিচয় ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার চেষ্টার বিরুদ্ধে তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন। জাহ্নবীর করা এই মামলায় প্রায় সাত হাজার লিংকের বিষয়টি উত্থাপন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আদালত ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

আদালত তার পর্যবেক্ষণে স্পষ্ট করেছেন যে, কোনো তারকার নামে পরিচালিত সব ফ্যান পেজকে ঢালাওভাবে বেআইনি বলা সমীচীন নয়। এসব পেজে তারকার চলচ্চিত্র, ছবি, ভিডিও কিংবা গঠনমূলক সমালোচনা থাকতে পারে, যা স্বাভাবিক। তবে কোনো পেজে যদি অশালীন কনটেন্ট প্রচার করা হয় কিংবা তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা চালানো হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আদালত বিকৃত ও স্পর্শকাতর কনটেন্টগুলোকে ভক্তদের পরিচালিত সাধারণ পেজ থেকে আলাদাভাবে বিবেচনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

উল্লেখ্য, জাহ্নবী কাপুরকে সর্বশেষ বুচি বাবু সানা পরিচালিত তেলেগু অ্যাকশন সিনেমা ‘পেড্ডি’-তে দেখা গেছে। এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে ছিলেন রাম চরণ ও শিবরাজ কুমার। নিজের ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান রক্ষায় তিনি এখন আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।