ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজনে বিপুল অর্থ ব্যয়ের কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সাম্প্রতিক একটি সিদ্ধান্তে ভারতের ক্রীড়াঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশটির কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া ফেডারেশনের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। মূলত, দেশের ক্লাব ফুটবল যখন চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেই সময়ে কোটি কোটি টাকা খরচ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজন করাকে তিনি ‘ভুল অগ্রাধিকার’ হিসেবে দেখছেন। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই প্রীতি ম্যাচটি খেলতে গিয়ে এআইএফএফ ফিফা-স্বীকৃত প্রথম আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে, যা নিয়ে ক্ষোভ জানিয়েছেন ভুটিয়া। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘ব্রাজিল যদি ভারতে বিনামূল্যে প্রীতি ম্যাচ খেলত, তবে আমার কোনো আপত্তি থাকত না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন দেশীয় ক্লাবগুলো অস্তিত্ব রক্ষায় হিমশিম খাচ্ছে, তখন একটি ম্যাচের পেছনে ৫০ থেকে ৭০ কোটি রুপি ব্যয় করা সম্পূর্ণ অযৌক্তিক ও অনুচিত।’

ভারতীয় ফুটবলের বর্তমান নাজুক অবস্থার উদাহরণ দিতে গিয়ে তিনি জামশেদপুর এফসি থেকে টাটা স্টিলের সরে দাঁড়ানো এবং মাত্র ১-২০০ রুপির বিনিময়ে চার্চিল ব্রাদার্সের কাছে ক্লাবের মালিকানা হস্তান্তরের বিষয়টি সামনে আনেন। ভুটিয়ার মতে, এই বিপুল অর্থ ব্যয় না করে দেশে ফুটবলের স্থায়ী পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ করা বেশি জরুরি ছিল। তিনি আরও জানান, ফিফা আসিয়ান কাপের গ্রুপ ‘এ’-তে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগ ছিল ভারতের জন্য, যা খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে সহায়ক হতো।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে জায়গা করে নেওয়া ইস্টবেঙ্গলের উদাহরণ টেনে ভুটিয়া বলেন, ভালো পারফর্ম করা সত্ত্বেও ক্লাবটি স্পনসর জটিলতায় ভুগছে। তিনি মন্তব্য করেন, ‘যদি রাজ্য সরকার বা স্থানীয় পর্যায় থেকে ১০-২০ কোটি রুপি সহায়তা পাওয়া যেত, তবে তারা চ্যাম্পিয়ন্স লিগে আরও শক্তিশালী দল গঠন করতে পারত। ইস্টবেঙ্গল যদি নকআউট পর্বে পৌঁছাতে পারত, তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরের মতো বিশ্বখ্যাত ক্লাবগুলো কোনো অর্থ ছাড়াই ভারতে খেলতে আসত।’