মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্মরণে এনসিপির আলোচনা সভা

মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অসামান্য অবদান স্মরণ এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের আহ্বানে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আয়োজনে গত শনিবার (২ আগস্ট) সুবাং জায়ার স্টার কাবাব ইভেন্ট হলে ‘Remembering Our Heroes’ শীর্ষক এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদদের আত্মত্যাগ, জাতীয় সংস্কার এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার রনি মিনহাজ। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয় এবং বিলকিস বিথী ও শেখ আব্দুল মতিন জুলাইয়ের চেতনা ও দেশপ্রেমের ওপর কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ আবুল বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও জাতীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক হাফসা জাহান। এছাড়া এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হকসহ স্থানীয় বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আব্দুল হান্নান মাসউদ জুলাই গণঅভ্যুত্থানে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, প্রবাসীদের আত্মত্যাগ এবং রেমিট্যান্স স্থগিতের মতো সাহসী কর্মসূচি দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, জনগণের স্বার্থে সরকারকে সর্বদা জবাবদিহিতার আওতায় থাকতে হবে। এনসিপি গণতন্ত্র, স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

বিশেষ অতিথি হাফসা জাহান রাজনীতিতে নারীদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ওপর জোর দেন। একইসঙ্গে একটি মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তিনি পুনর্ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আবুল বাশার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবে রূপ দিতে হলে জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন করা জরুরি। তিনি জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সরকারকে তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তিনি অতীতের স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি এড়িয়ে রাষ্ট্র পরিচালনায় জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

এনসিপির মালয়েশিয়া শাখার সদস্যসচিব আলম মো. রওশন জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কুয়ালালামপুর, সেলাঙ্গর ও পেনাং আঞ্চলিক কমিটির নেতারাও তাদের বক্তব্যে একই সুর প্রকাশ করেন। বক্তারা একমত পোষণ করেন যে, গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা, আইনের শাসন, মানবিক মর্যাদা এবং জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য ও ধারাবাহিক সংস্কার অপরিহার্য। পাশাপাশি প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করা এবং তাদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া উপস্থিত সকল অতিথি, সাংবাদিক, স্বেচ্ছাসেবক এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সংগঠনটি ভবিষ্যতে জাতীয় স্বার্থ, প্রবাসীদের কল্যাণ এবং একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানে।