রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫) নামের এক যুবদল কর্মী প্রাণ হারিয়েছেন। এই হামলায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অস্ত্রসহ চঞ্চল নামের একজনকে গ্রেপ্তার করেছে।
নিহত ইউসুফ আলী কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। তিনি মিরপুর ১৩ নম্বর এলাকায় বসবাস করতেন এবং তাঁর গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার সাকরালে। তাঁর বাবার নাম মৃত শাহজাহান বেপারী। হামলায় আহত অপর দুজন হলেন যুবদল কর্মী মনির হোসেন (৩২) এবং সালাম সরদার (৪৫) নামের এক কাঁচামাল বিক্রেতা।
প্রত্যক্ষদর্শী ও ইউসুফের বন্ধু মো. মামুন জানান, শুক্রবার রাত ১১টার দিকে মিরপুর ১৩ নম্বরের ওপেক্স গার্মেন্টসের সামনে একটি দোকানে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুসহ তারা আড্ডা দিচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের পরিচয় জানতে চাওয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবকরা বাবুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ইউসুফ, মনির ও পথচারী সালাম গুলিবিদ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, রাত ১২টার পর ইউসুফকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফের বুকে, মনিরের বাঁ পায়ে এবং সালামের মাথার ডান পাশে গুলি লেগেছে। আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মিরপুর বিভাগের পুলিশের উপকমিশনার মো. মোস্তাক সরকার জানিয়েছেন, হামলায় চারজন অংশ নিয়েছিল। এ ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ চঞ্চল নামের একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

