মৃত্যুর ৪ দিন আগে নানা পাটেকর বলেছিলেন

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে গোয়ার একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ৭৫ বছর বয়সী এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মৃত্যুর মাত্র চারদিন আগে গত ৪ অক্টোবর গোয়ার ডোনা পাওলার ‘তাজ সিদাদে দে গোয়া’ হোটেলে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নানা পাটেকর। এটিই ছিল তার জীবনের শেষ প্রকাশ্য উপস্থিতি। তিনি সেখানে সম্রাট ক্লাব ইন্টারন্যাশনাল, স্টেট-১-এর নতুন পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। ওই আয়োজনে ২০২৬-২৭ মেয়াদের জন্য রাজশ্রী এ. খান্ডেপারকার রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, সাদা কুর্তা ও গলায় গামছা পরিহিত নানা পাটেকর উপস্থিত সবার উদ্দেশ্যে কথা বলছেন। বক্তৃতার শুরুতে তিনি গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের স্মৃতিচারণ করেন এবং তার রাজনৈতিক কর্মপদ্ধতির ভূয়সী প্রশংসা করেন।

একপর্যায়ে মৃত্যুর চিরন্তন সত্য নিয়ে তিনি অত্যন্ত আবেগপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তিনি আরও বলেন, ‘কাল আমি এখানে থাকব কি না, তাও আমি জানি না।’ মানুষের জীবনের চূড়ান্ত পরিণতি যে মৃত্যু, সে কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘সেই মুহূর্তটি আসার আগে আমাকে ভাবতে হবে, আমি যা করতে চাই তা কি সত্যিই করতে পারছি?’ মৃত্যুর ঠিক চারদিন আগে করা তার এই মন্তব্য এখন অনেকের কাছেই বিশেষ অর্থবহ হয়ে উঠেছে।