মেলবোর্ন স্টারসকে হারিয়ে পার্থ স্করচার্সের জয়, নায়ক ডিভাইন ও কিং

সোমবার মেলবোর্নের জাংশন ওভালে অনুষ্ঠিত নারী বিগ ব্যাশ লিগের (ডব্লিউবিবিএল) ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে মেলবোর্ন স্টারসকে ১৫ রানে হারিয়েছে পার্থ স্করচার্স। এদিন বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান সোফি ডিভাইন ও অ্যালানা কিং। তাদের যৌথ বোলিং তোপে ১২৪ রানের পুঁজি নিয়ে ডিফেন্ড করতে নেমে ১৮.১ ওভারে ১০৯ রানেই প্রতিপক্ষের ইনিংস শেষ করে স্করচার্স। এই জয়ের ফলে দুই ম্যাচে টানা দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি, আর তিন ম্যাচে এক জয় নিয়ে পাঁচে রয়েছে মেলবোর্ন স্টারস।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে পারেনি পার্থ। কেটি ম্যাক ও বেথ মুনি উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করেন। তবে মাঝের ওভারে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। মাত্র ছয় রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে ৭৬ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকছিল স্করচার্স। শেষদিকে অ্যালানা কিংয়ের ২১ বলে ১৮ রান, ক্লোয়ি এইনসওয়ার্থের ১৬ এবং লিলি মিলসের অপরাজিত ১৩ রানের সুবাদে ১২৪ রান পর্যন্ত পৌঁছায় দলটি। মেলবোর্নের পক্ষে মাইসি গিবসন, শার্লট ডিন ও সোফি ডে প্রত্যেকে দুটি করে উইকেট নেন। মেলবোর্ন বোলারদের দেওয়া অতিরিক্ত ২১ রান, যার মধ্যে ১৭টিই ছিল ওয়াইড, স্করচার্সকে বড় সহায়তা করেছে।

জবাবে ব্যাটিংয়ে নেমে মেলবোর্ন স্টারস শুরুতেই বিপাকে পড়ে। ইনিংসের প্রথম বলেই রিস ম্যাককেনার উইকেট তুলে নেন এইনসওয়ার্থ। এরপর চতুর্থ ওভারে সোফি ডিভাইন একাই জোড়া আঘাত হানলে ৩০ রানেই তিন উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। অ্যালানা কিং নাউমি স্টালেনবার্গকে ফিরিয়ে দিলে ম্যাচ পুরোপুরি স্করচার্সের নিয়ন্ত্রণে চলে আসে। মেগ ল্যানিং এক প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ৪১ রানের লড়াই করলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। শার্লট ডিনের সাথে চতুর্থ উইকেটে ৩৬ রান যোগ করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন ল্যানিং, তবে ডিভাইন তাকে স্টাম্পিংয়ে কাটালে সেই জুটি ভেঙে যায়।

শেষদিকে দলের জয়ের পথ নিশ্চিত করেন ডিভাইন ও কিং। ল্যানিং অ্যামি এডগারের শিকার হওয়ার পর মেলবোর্ন দল ৭৯ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল। এরপর ডিভাইন ড্যানিয়েল গিবসনকে সাজঘরে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট পূর্ণ করেন। লেজেন্ডারি এই বোলারদের তোপে শেষ পাঁচ উইকেট হারিয়ে মেলবোর্ন মাত্র ৩০ রান যোগ করতে সক্ষম হয়। শেষ পর্যন্ত ১০৯ রানে অলআউট হয়ে ১৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে মেলবোর্ন স্টারস। ডিভাইন ৪টি এবং কিং ৩টি উইকেট শিকার করে দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখেন।