যশোরে নিরাপত্তা ঘটনায় করে সাংবাদিককে পুলিশে সোপর্দ, পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

যশোরের কেশবপুরে মোহনা টিভির জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনকে (২৫) সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে কেশবপুর শহরে তাঁকে মারধর করা হয় এবং বিকেলে স্থানীয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা তাঁকে পুলিশের হাতে তুলে দেন। এরপর আজ সোমবার সকালে পুলিশ তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠিয়েছে। সাংবাদিক মামুন উপজেলার ঝিকরা গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যদের অভিযোগ, রোববার দুপুরে যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে কেশবপুর পৌরসভা এলাকায় পৌঁছালে এনসিপির কর্মীরা মামুনকে আটক করে মারধর করেন। এরপর বিকেলে তাঁকে কেশবপুর থানায় সোপর্দ করা হয়। এদিকে এনসিপি কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক সম্রাট হোসেন জানিয়েছেন, ওই সাংবাদিকের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সরকারের বিপক্ষে এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালাতেন বলে দাবি করেন তিনি। মারধরের বিষয়ে জানতে চাইলে সম্রাট হোসেন বলেন, যাঁরা তাঁকে আটক করেছিলেন, তাঁরা দু-একটি চড়-থাপ্পড় দিয়েছেন বলে তিনি শুনেছেন।

মামুনের বাবা সোলায়মান হোসেন দাবি করেছেন, তাঁর ছেলে কোনো অন্যায় করেননি, তবুও তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি সন্তানের মুক্তি দাবি করেছেন। অন্যদিকে, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এই অভিযোগেই তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ সাংবাদিক নেতারা এক বিবৃতিতে দাবি করেন, মামুন তাঁদের ইউনিয়নের একজন সদস্য। রোববার বিকেলে কেশবপুরে একটি ‘মব’ তৈরি করে তাঁকে মারধর করা হয়েছে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাংবাদিক নেতারা অবিলম্বে আবদুল্লাহ আল মামুনের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।