যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে তেজগাঁও এলাকায় আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তরের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী জানান, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিরসনে পুলিশ, বিজিবি, এসআরবি এবং আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম কোনো বিশেষ যৌথ অভিযান নয়, বরং এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ, যা ভবিষ্যতে আরও জোরদার করা হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির একটি সুপরিকল্পিত ও উপযুক্ত স্থানে নিজস্ব সদর দপ্তর স্থাপনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এটি দেশের সর্ববৃহৎ ফোর্স।

তেজগাঁওয়ে নতুন সদর দপ্তর নির্মাণের জন্য গণপূর্ত মন্ত্রণালয় ৩.৪২৮ একর বা প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ দিয়েছে। বর্তমানে আনসার বাহিনীর বিশাল জনবলের কথা তুলে ধরে মন্ত্রী জানান, দেশে ২০ হাজার ব্যাটালিয়ন ও ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। এছাড়া ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনবল কাজ করছে। ঢাকায় দায়িত্বরত সদস্যদের আবাসন সংকট দূর করতে এখানে ডরমেটরি নির্মাণের পাশাপাশি আশুলিয়া ও শেরেবাংলা নগরে বাড়তি সুবিধা তৈরির কাজ চলছে। বর্তমানে খিলগাঁও থেকে পরিচালিত আনসার সদর দপ্তরের অপরিসর জায়গায় স্থান সংকুলান না হওয়ায় এবং যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতা দূর করতে এখানে একটি আধুনিক ও বৃহৎ অবকাঠামো গড়ে তোলা হবে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকটে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বাহিনীটির সদস্যদের দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা বা অপরাধে যুক্ত থাকার প্রমাণ মিললে কেবল প্রত্যাহার নয়, বরং বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলা দায়েরের কঠোর হুঁশিয়ারিও দেন তিনি। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারো দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কেবল প্রত্যাহার নয়, বরং যথাযথ বিভাগীয় আইনি ব্যবস্থা এবং ক্রিমিনাল অফেন্স মামলা দায়ের করা হচ্ছে।

দেশের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এই সময়ে কোনো অপশক্তি দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ পাবে না। এছাড়া ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে এআই ও অটোমেশন প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, যা যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে সহায়তা করছে। একই সঙ্গে রাস্তা খনন ও মেরামতের ক্ষেত্রে যানজট কমাতে একযোগে পুরো রাস্তা না কেটে খণ্ড খণ্ডভাবে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন তিনি।