লালমনিরহাটে বিএসএফের অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার, পতাকা বৈঠকে ফেরত দিল বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি-আমঝোল সীমান্তে বিএসএফের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে আয়োজিত পতাকা বৈঠকে এই অস্ত্র ও সরঞ্জাম ফেরত দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার বিকেলে, যখন সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় কয়েকজন বাংলাদেশি কৃষক নিজেদের জমিতে কাজ করছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় বিএসএফের কয়েকজন সদস্য অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন এবং কৃষকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তাদের মারধর করেন। স্থানীয়রা একত্রিত হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পিছু হটতে বাধ্য হয় এবং তাড়াহুড়ো করে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনচৌকী ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিত্যক্ত অস্ত্র ও ওয়াকিটকিগুলো নিজেদের হেফাজতে নেন। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ব্যক্তিগতভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফের অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিষয়টি কঠোর ভাষায় তুলে ধরা হয়। বিএসএফ কমান্ড্যান্ট এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর সরকারি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধারকৃত অস্ত্র ও ওয়াকিটকি বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।