শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও বিক্ষোভ অব্যাহত, ৩ শর্তে আল্টিমেটাম সিজেপির

ভারতের ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের প্রধান দাবিগুলোর একটি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবি মেনে ধর্মেন্দ্র পদত্যাগের ঘোষণা দিলেও আন্দোলন থামছে না। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, সিজেপি তাদের পরবর্তী কর্মসূচি ও নতুন তিনটি দাবির কথা ঘোষণা করেছে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে বিক্ষোভকারীরা এখনই আন্দোলনস্থল ছেড়ে চলে যাচ্ছেন না। ধর্মেন্দ্রর পদত্যাগের পর নিজের প্রথম ভাষণে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিজেপির পক্ষ থেকে নতুন তিন শর্ত তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যাকারী প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ প্রদান, বিক্ষোভকারী কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও দিল্লি পুলিশকে আন্দোলনকারীদের কাছে ক্ষমা চাইতে হবে।

এদিকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে বিজয়োল্লাস করেছেন। এই ঘটনাকে ভারতের গণতন্ত্রের বড় জয় হিসেবে অভিহিত করেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুকও একে গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন। এছাড়া দেশটির বিভিন্ন মানবাধিকারকর্মী, পরিবেশবিদ ও রাজনীতিবিদরাও এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।