শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে ১৫০ জন শিশু তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। জাতীয় সংগীতের সুরে অনুষ্ঠানমালার সূচনা হয় এবং এরপর প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নির্দিষ্ট আসনে আসন গ্রহণ করেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই আয়োজনে সভাপতিত্ব করছেন। দিবসটি উপলক্ষে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব, বিশেষ স্মারক উপহার প্রদান এবং ‘শৈশব’ নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করার কর্মসূচি রাখা হয়েছে। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে। আনুষ্ঠানিকতা শেষে তিনি শিশু জাদুঘর ভবনে যাবেন এবং সেখানে ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশনের উদ্বোধন করবেন। এছাড়া শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি।