সাতক্ষীরার শ্যামনগরের পারবাধঘাটা গ্রামে মাদকাসক্ত ছেলের হামলার শিকার হয়ে সুধা রাণী মন্ডল (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটা এই ঘটনায় অভিযুক্ত রমেশ মন্ডলকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। নিহতের স্বামী মধুসূদন মন্ডল ও অভিযুক্তের মা কমলা রাণী মন্ডলের ভাষ্যমতে, ঘটনার মূল কারণ মাদক। সাতক্ষীরার শ্যামনগরে ‘মাদকাসক্ত’ ছেলে রমেশ মন্ডলের (৩০) হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে খুন হয়েছেন চাচি সুধা রাণী মন্ডল (৫৫)। একইভাবে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রমেশ তার কাছে আবারও টাকা চায়।
কমলা রাণী জানান, তার ছেলে রমেশ নিয়মিত মাদকের টাকার জন্য চাপ প্রয়োগ করতো। বৃহস্পতিবার সকালে ফের টাকা চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে রমেশ দা দিয়ে তার মাকে আঘাত করতে গেলে কমলা রাণীর ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে আসেন দেবরের স্ত্রী সুধা রাণী মন্ডল ও নিহতের ছেলে সমীর কুমার মন্ডল। হামলাকারী রমেশ তাদের ওপরও এলোপাথাড়ি আক্রমণ চালায়।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুধা রাণী মন্ডলকে মৃত ঘোষণা করেন। কমলা রাণী ও সমীর মন্ডলকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়, তবে পরে সমীরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, ঘাতক রমেশ মন্ডলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় অভিযুক্ত ছিদাম মন্ডলের ছেলে রমেশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

