উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী ও সুরস্রষ্টা রুনা লায়লার আজ ৭৪তম জন্মদিন। তার এই বিশেষ দিনটিকে ঘিরে দেশের সংগীত অঙ্গন ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের শিল্পীরা তার জনপ্রিয় গানগুলো কাভার করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন। নিজের জন্মদিন ও দীর্ঘ সংগীতজীবন নিয়ে কথা বলতে গিয়ে কিংবদন্তি এই শিল্পী জানান, বরাবরের মতোই এবারও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করেছেন তিনি। তিনি বলেন, ছোটবেলার জন্মদিনের স্মৃতিগুলো এখনো অমলিন। বিশেষ করে মা নতুন জামা বানিয়ে দিতেন এবং মজার সব খাবার রান্না করতেন। সেই স্মৃতি আজও তাকে আবেগপ্রবণ করে তোলে।
সংগীতজীবনে টানা ছয় দশক পার করা এই শিল্পী কৃতজ্ঞতা জানান নিজের পরিবারের প্রতি। রুনা লায়লা বলেন, আমার বাবা-মা ও বড় বোন দীনাসহ পরিবারের সবার অকুন্ঠ সমর্থন না থাকলে আজকের এই অবস্থানে আসা অসম্ভব ছিল। মহান আল্লাহর কাছে তিনি শুকরিয়া আদায় করেন সুস্থ ও সুন্দর জীবনের জন্য। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে পারেন।
জন্মদিনের ঠিক পরের দিনই অর্থাৎ ১৮ নভেম্বর তিনি বিশেষ এক সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ রুনা লায়লাকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। আয়োজনের প্রধান উদ্যোক্তা ও বশির আহমেদের দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, রুনা আন্টি বাংলাদেশের সংগীতের গর্ব এবং আমাদের দেশের গানের জগতের অন্যতম এক বড় পরিচয়। পরবর্তী প্রজন্মের প্রতিটি গায়িকারই স্বপ্ন থাকে তার মতো হওয়ার। তারা সম্প্রতি শিল্পীর বাসায় গিয়ে এই আয়োজনের কথা জানালে তিনি সম্মতি দেন। তার এই অংশগ্রহণ ও সম্মাননা গ্রহণ করা তাদের জন্য বড় প্রাপ্তি ও কৃতজ্ঞতার বিষয়।
আগামীকাল ১৮ নভেম্বর বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। কবি হাসান মাহমুদের উপস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে কিংবদন্তি রুনা লায়লার সংগীতজীবনকে বিশেষভাবে উদ্যাপন করা হবে।

