সিলেট টেস্ট: ইনজুরিতে মাঠ ছাড়লেন ওপেনার সাদমান ইসলাম

সিলেট টেস্টে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পেয়েছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ওপেনার সাদমান ইসলাম। মেহেদী হাসান মিরাজের বলে আমির জাঙ্গুর লেগ গ্ল্যান্সের বল ঠেকাতে গিয়ে বাউন্ডারি লাইনে স্লাইড করেন সাদমান। এ সময় ঘাসে পা পিছলে তিনি গোড়ালিতে বড় আঘাত পান। মাঠে তীব্র যন্ত্রণায় কাতর সাদমানকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় এবং পরবর্তী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দিন শেষে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম এক ভিডিও বার্তায় জানান, সাদমানের বাঁ পায়ের গোড়ালিতে আঘাত লেগেছে এবং এরপর তিনি আর ফিল্ডিংয়ে নামতে পারেননি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্ক্যান করানো হয়েছে। আগামীকাল রিপোর্টের ফলাফল পেলে বোঝা যাবে রিহ্যাব প্রক্রিয়ায় কতদিন সময় প্রয়োজন। তবে বর্তমান অবস্থায় তিনি দলের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারবেন না বলে ফিজিও নিশ্চিত করেছেন।

সাদমানের এই ইনজুরি দলের ব্যাটিং লাইনআপে বড় দুঃসংবাদ হয়ে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ম অনুযায়ী, কনকাশন বা মাথা ও ঘাড়ে আঘাত ছাড়া অন্য কোনো ইনজুরির কারণে বদলি ব্যাটার নামানোর সুযোগ নেই। ফলে সাদমানের অনুপস্থিতিতে স্বাগতিক বাংলাদেশকে বাধ্য হয়েই ১০ জন ব্যাটার নিয়ে প্রথম ইনিংসের লড়াই চালিয়ে যেতে হচ্ছে।