সেরা রাঁধুনীর নবম আসরে পূর্ণিমার জায়গায় জয়া আহসান

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানকে এবার দেখা যাবে রান্নাবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজনে বিচারকের আসনে। এর আগের কয়েকটি আসরে অভিনেত্রী পূর্ণিমা বিচারক হিসেবে দায়িত্ব পালন করলেও, এবার সেই জায়গায় যুক্ত হয়েছেন জয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই তারকা। যদিও এর আগেও বিভিন্ন রিয়েলিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি, তবে রান্নাবিষয়ক কোনো অনুষ্ঠানে এবারই প্রথম বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন জয়া।

নিজের অংশগ্রহণ নিয়ে জয়া আহসান বলেন, ‘সেরা রাঁধুনী’ সিজন ৯-এ বিচারক হিসেবে থাকতে পেরে আমি আনন্দিত। যারা রান্না করতে পছন্দ করেন এবং রান্না নিয়ে স্বপ্ন দেখেন, তাদের জন্য এই আয়োজনটি অত্যন্ত চমৎকার। গত দুই দশক ধরে অনেক রাঁধুনীর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এই অনুষ্ঠান। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগিরই মঞ্চে দেখা হবে বলে আশা করছি।’ তিনি বলেন, ‘২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী।

‘সেরা রাঁধুনী’ সিজন ৯-এর এই আয়োজনে জয়া আহসানের সঙ্গে আরও দুজন বিশেষজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করবেন শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হবে। ইতোমধ্যে অনুষ্ঠানটির নতুন মৌসুমের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। সেরা রাঁধুনীর এই আসরের চ্যাম্পিয়ন বা বিজয়ী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন ১৫ লাখ টাকা।

এদিকে, অভিনেত্রী পূর্ণিমাকে নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। একটি রিয়েলিটি শোয়ে অংশ নেওয়ার পর তার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে পূর্ণিমার মা হওয়া নিয়ে বিভিন্ন চর্চা শুরু হয়। তবে ব্যক্তিগত এই বিষয় কিংবা গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী পূর্ণিমা।