মুক্তি পাওয়ার মাত্র তিন দিন আগে আইনি জটিলতার মুখে পড়েছে বলিউড তারকা আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘উড়তা তীর’। আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও নেপালের দর্শক আপাতত এটি পর্দায় দেখতে পাচ্ছেন না। দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে অনুমতি না মেলায় সেখানে সিনেমাটির প্রদর্শনী নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। করণ জোহরের প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। তবে মুক্তির ঠিক আগে নেপালে ছবিটির প্রদর্শন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ফলে ঠিক কী কারণে ছবিটিকে সংশ্লিষ্ট আইনের পরিপন্থী মনে করা হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্পাই-কমেডি ঘরানার এই ছবিতে বিলাল আহমেদ নামের এক পাকিস্তানি গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। গল্পে একটি দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলে বিলাল। এই অদ্ভুত পরিস্থিতি এবং তা থেকে তৈরি হওয়া নানা ঘটনা ঘিরেই এগিয়েছে ছবির গল্প।
নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটি পর্যালোচনার পর দেশটির প্রচলিত চলচ্চিত্র আইন লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগ তুলেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অডিও-ভিজ্যুয়াল ও সম্প্রচার বিভাগ সিনেমাটি প্রদর্শনের ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে। মূলত দেশটির জাতীয় চলচ্চিত্র আইন ২০২৬-এর ৮(৩) ধারা লঙ্ঘনের কারণে এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরপর ভুলবশত নিজেকে ভারতীয় গুপ্তচর বলে মনে করতে শুরু করে সে।
ছবিটি প্রদর্শনের ওপর এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি কাঠমান্ডুর অলোকনগরে অবস্থিত ন্যাশনাল সিনেমা গ্রুপ নেপাল প্রাইভেট লিমিটেডকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ে নেপালের প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা মাঝপথেই স্থগিত হয়ে গেছে। তবে ছবির কোন দৃশ্য কিংবা বিষয়বস্তু নিয়ে আপত্তি উঠেছে, তা এখনো স্পষ্ট করেনি নেপাল কর্তৃপক্ষ।

