স্থানীয় নির্বাচনে মুসলিমদের ভোট দেওয়ার আহ্বান প্রেসিডেন্ট রামাপোসার

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে দেশটির মুসলিম সম্প্রদায়কে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ১৭ অক্টোবর কেপটাউনের রাইল্যান্ডস এলাকায় ইন্টারন্যাশনাল পিস কলেজ সাউথ আফ্রিকা আয়োজিত ‘মুসলিম ভোটার ও ব্যালট’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। দ্য সিটিজেন-এর ১৮ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ১৭ অক্টোবর কেপটাউনের রাইল্যান্ডস এলাকায় ইন্টারন্যাশনাল পিস কলেজ সাউথ আফ্রিকা আয়োজিত ‘মুসলিম ভোটার ও ব্যালট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন রামাপোসা।

অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রেসিডেন্ট রামাপোসা বলেন, দক্ষিণ আফ্রিকার গণতন্ত্র ও সামাজিক কাঠামো শক্তিশালীকরণে মুসলিম সম্প্রদায়ের অনন্য ভূমিকা রয়েছে। ভোটাধিকার প্রয়োগ কেবল একটি নাগরিক অধিকার নয়, বরং এটি প্রত্যেকের দায়িত্ব। এই ভোটের মাধ্যমে নাগরিকেরা নিজ নিজ এলাকার নেতৃত্বের পরিবর্তন, সামগ্রিক উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

তিনি বেকারত্ব হ্রাস, অপরাধ দমন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ স্থানীয় সমস্যাগুলো বিবেচনায় নিয়ে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের ওপর জোর দেন। এছাড়া বর্ণবাদবিরোধী সংগ্রাম এবং দেশটির গণতন্ত্র প্রতিষ্ঠায় মুসলিম নেতাদের ঐতিহাসিক অবদানের কথা তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এই নির্বাচনে সক্রিয় অংশগ্রহণই এলাকার ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে বলে প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করেন।