কামারখন্দে এক রাতেই দুই বাড়ি থেকে সাতটি গরু চুরি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে বৃহস্পতিবার ভোররাতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। এক রাতেই গ্রামের দুটি আলাদা বাড়ি থেকে মোট সাতটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার দিকে গ্রামের গরু ব্যবসায়ী মো. নাসির মণ্ডলের (৫০) টিনের গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি ষাঁড় গরু চুরি করা হয়। চুরি হওয়া গরুগুলোর মধ্যে দুটি লাল, দুটি ছাই রঙের এবং একটি সাদা রঙের ষাঁড় ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। নাসির মণ্ডল জানান, রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে তিনি ঘুমাতে গিয়েছিলেন। সকালে উঠে তিনি দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই।

এর কিছুক্ষণ পর, রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও বর্তমান কৃষিজীবী মো. বজলুর রহমানের (৫৯) গোয়ালঘরের তালা ভেঙে একটি কালো গাভি ও একটি সাদা এঁড়ে বাছুর চুরি করা হয়। বজলুর রহমান জানান, চোরেরা গরুগুলো একটি নীল রঙের পিকআপে তোলার সময় তার ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার করলে তিন-চারজনের একটি দল দ্রুত পিকআপ নিয়ে পালিয়ে যায়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাশমত আলী জানিয়েছেন, ঘটনার পর থেকেই পুলিশ মাঠে কাজ করছে এবং এলাকাটি নজরদারিতে রাখা হয়েছে। চোরদের শনাক্ত ও গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৩: ৫৯আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৪: ১২

কন্টেন্ট: সংগৃহীত