স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা এবং সাংবাদিকদের জন্য একটি কার্যকর নীতিমালা প্রণয়নের চলমান প্রক্রিয়ায় দেশের সংবাদপত্রের সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী সম্পাদকদের উদ্দেশে বলেন, সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলোও যেন যথাযথভাবে জনগণের সামনে তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে অংশ নেন।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।

