জয়পুরহাটে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয়

জয়পুরহাটে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট’। শুক্রবার বিকেলে তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে স্বাগতিক জয়পুরহাট জেলা দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাইবান্ধা জেলা দল। এই জয়ের মধ্য দিয়ে গাইবান্ধা দল টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয়।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের জন্য পুরস্কার হিসেবে একটি গরু এবং রানার্সআপ জয়পুরহাট জেলা দলের জন্য একটি খাসি তুলে দেওয়া হয়। বিপুল সংখ্যক স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইউসুফ আলী মন্ডল ও সাজ্জাদ সিরাজ জয়। এছাড়াও জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।