পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা

পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে এ সংক্রান্ত একটি জরুরি বার্তা পাঠানো হয়।

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, পুলিশের জিপ, পিকআপ ও বাসসহ বিভিন্ন যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা করা যাবে না।

বিশেষ করে ডিউটিরত অবস্থায় এবং ডিউটি শেষে পার্কিং করার সময় যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের সদস্যদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া যানবাহন ফেলে রাখা যাবে না এবং আনঅ্যাটেন্ডেড অবস্থায় কোনো পুলিশি যানবাহন রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তা বাড়ানোর জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পুলিশ সদর দপ্তর বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।