নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী ছিল গতকাল। এই বিশেষ দিনটিকে সামনে রেখে জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর একটি বিশেষ পর্বে অংশ নিয়েছেন হুমায়ূন আহমেদের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম। আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ পডকাস্টটি একযোগে প্রচার করা হবে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই আড্ডায় নিজের আদর্শ ও গুরু হুমায়ূন আহমেদকে নিয়ে নানা অজানা কথা বলেছেন তিনি।
আশির দশকের শেষে বাংলাদেশ টেলিভিশনে অডিশন দিতে গিয়ে হুমায়ূন আহমেদের ‘বহুব্রীহি’ নাটক নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ডা. এজাজ। তিনি জানান, প্রিয় লেখকের সাহচর্যে এসে বুঝতে পেরেছিলেন তিনি কেবল একজন বড় লেখকই নন, ছিলেন অত্যন্ত বড় মনের মানুষ। শুটিং সেটে প্রতিটি শিল্পীর প্রতি তার আলাদা মনোযোগ থাকত। ‘তারা তিনজন’ নাটকের ‘মাটি বাবা’ চরিত্রে অভিনয়ের সময় ডা. এজাজ একবার অভিনয়ের খাতিরে সত্যি মাটি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শুটিংয়ের আগে বিষয়টি জানতে পেরে হুমায়ূন আহমেদ প্রচণ্ড ক্ষুব্ধ হন। তখন তার রাগ ভাঙাতে ডা. এজাজ কাঁচা কলা সেদ্ধ করে মরিচ ও হলুদের গুঁড়া মিশিয়ে মাটির মতো দেখতে একটি মিশ্রণ খেয়েছিলেন।
প্রয়াত হুমায়ূন আহমেদকে নিয়ে এর আগে বেশ কিছু স্মৃতিকথামূলক বই লিখেছেন ডা. এজাজুল ইসলাম, যা পাঠকদের মাঝে বেশ সমাদৃত হয়েছে। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় আসছে বইমেলায় তার একটি মৌলিক উপন্যাস প্রকাশের পরিকল্পনা রয়েছে। জেড আই ফয়সালের প্রযোজনায় নির্মিত এই পডকাস্টটিতে গুরু-শিষ্যের সম্পর্কের আরও অনেক নতুন দিক উঠে এসেছে।

