স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্টভাবে জানিয়েছেন যে, পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। তিনি বলেন, পুলিশ একটি আধুনিক, প্রযুক্তি-বান্ধব এবং মানবিক সংস্থা হিসেবে গড়ে উঠবে যা দলীয় প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করবে।
রোববার (২ আগস্ট) রাজশাহীর চারঘাটে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশবাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, দেড় যুগ আগে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ অবৈধ সরকারের নির্যাতনের শিকার হয়েছিল। এখন ১৮ বছরের সেই বঞ্চনা কাটিয়ে রাষ্ট্রের রূপান্তরে এই ব্যাচ চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করবে।
একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শৃঙ্খলা ভঙ্গ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

