পুলিশকে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত, মানবিক, পেশাদার এবং জনবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, পুলিশকে কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আইন ও ন্যায়ের ভিত্তিতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করাই পুলিশের প্রধান কর্তব্য। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশ বাহিনীর যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা কাটিয়ে উঠে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে। গণ-অভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে পুলিশকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা দুর্ভোগের শিকার না হন, সেদিকে কঠোর নজর রাখতে হবে।

বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কর্মজীবনে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম বা দুর্নীতির সঙ্গে কোনোভাবেই জড়িয়ে পড়া যাবে না। এ ছাড়া ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা রোধে পুলিশকে আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তাদের প্রশিক্ষণ সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করেন। প্রশিক্ষণে সেরা ফলাফল অর্জনকারী কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর মধ্যে ড. মো. নূরুল হুদা ভূঁইয়া ‘বেস্ট প্রবেশনার’ এবং ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’—উভয় বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এছাড়া আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম ‘বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড’ এবং এ বি এম মামুন ‘বেস্ট শ্যুটার’ হিসেবে নির্বাচিত হন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কন্টেন্ট: সংগৃহীত