দুই গোলে এগিয়ে থেকেও জয় পেল না রিয়াল মাদ্রিদ

নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওর্টারসি স্টেডিয়ামে ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এই ম্যাচের মাধ্যমেই রিয়ালের জার্সিতে অভিষেক হয়েছে নতুন দুই খেলোয়াড় ডামফ্রিস এবং কার্লোস এস্পির।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় রিয়াল মাদ্রিদ। খেলার ১২ মিনিটে কারেরাসের বাড়ানো বল বক্সের ভেতর পান এন্দ্রিক। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় ছোঁয়ায় বাঁ পায়ের জোরালো শটে তিনি গোল করেন। এরপর ২৪ মিনিটে কামাভিঙ্গার পাস থেকে আরদা গুলেরের মাধ্যমে আক্রমণে বল পান সিরিয়া, যিনি প্রথম দলে অভিষেক হওয়া খেলোয়াড়। বক্সের ভেতর চমৎকার মুভ করে বল ছেড়ে দিলে সেখান থেকে গোল করে ব্যবধান ২-০ করেন তিনি।

দুই গোলে এগিয়ে থেকে রিয়াল মাদ্রিদ যখন আধিপত্য ধরে রেখেছিল, ঠিক তখনই প্রথমার্ধের শেষদিকে ব্যবধান কমায় ফিওরেন্তিনা। ৪১ মিনিটে নিজেদের প্রথম শটেই গোল করেন পিকোলি। বিরতির পর ফিওরেন্তিনা চাপ বাড়াতে থাকে। গুদমুন্দসন সমতা ফেরানোর দুটি সুযোগ পেলেও প্রথমবার তার শট নতুন অভিষিক্ত গোলরক্ষক মারিও রিভাস ঠেকিয়ে দেন। দ্বিতীয়বার লুনিনের সঙ্গে একা পেয়েও তিনি লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। তবে সাত মিনিট পর মোইজে কিন বক্সের ভেতর থেকে হেডে গোল করে দলকে ২-২ সমতায় ফিরিয়ে আনেন।

ম্যাচের ৭৫ মিনিটে এন্দ্রিকের বদলি হিসেবে মাঠে নামেন কার্লোস এস্পি। জয়ের লক্ষ্যে রিয়াল মাদ্রিদ শেষ দিকে বেশ কয়েকটি আক্রমণ তৈরি করলেও গোল আসেনি। ইনজুরি সময়ে এস্পির একটি হেড লক্ষ্যে না থাকায় জয় হাতছাড়া হয়। এই ড্রয়ের মাধ্যমেই নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করল রিয়াল মাদ্রিদ। আগামী ২২ আগস্ট শনিবার এসপানিওলের মাঠে দলটি তাদের প্রথম লিগ ম্যাচ খেলবে।