অস্ট্রেলিয়ার মাটিতে টপ অ্যান্ড টি-টোয়েন্টি লিগে দারুণ বোলিং পারফরম্যান্সের সুফল পেলেন রহস্য স্পিনার রুবেল মিয়া। ক্যারিয়ারে প্রথমবারের মতো বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন তিনি। নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আসন্ন তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে পোখারা এভেঞ্জার্স, যেখানে তার সতীর্থ হিসেবে থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
চলতি এনপিএলে এখন পর্যন্ত জায়গা করে নেওয়া পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হলেন রুবেল। এর আগে টুর্নামেন্টটিতে চুক্তিবদ্ধ হওয়া খেলোয়াড়দের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, আকবর আলী, আরিফুল ইসলাম ও জিসান আলম। এর মধ্যে পোখারা এভেঞ্জার্সের জার্সিতে মাঠে নামবেন সাকিব ও রুবেল। অন্য ক্রিকেটারদের মধ্যে আকবর ও আরিফুল প্রতিনিধিত্ব করবেন কর্নালী ইয়াকসের, আর জিসান খেলবেন বিরাটনগর কিংসের হয়ে।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে রুবেল পরিচিতি পান তার বৈচিত্র্যময় স্পিন বোলিং দিয়ে। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি থেকে শুরু করে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফর্ম করে আসছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টেও সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন এই স্পিনার। এবার বিদেশের লিগে আন্তর্জাতিক মানের ক্রিকেট প্রমাণের নতুন সুযোগ পেলেন তিনি।

